আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রেখে রাউজান আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার।
বৃহস্পতিবার নগরীর বিভারলি হিলে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।
গোলাম আকবর খোন্দকার বলেন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনসহ সারাদেশে আজ থেকে বিএনপির ধানের শীষ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এই সময়ে দলের সবচেয়ে বড় দায়িত্ব হলো দলীয় ঐক্য সুদৃঢ় রাখা এবং ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে বিএনপির রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া। তিনি বলেন, বিভক্তি নয়, ঐক্যই বিএনপিকে রাজনৈতিকভাবে এগিয়ে নেওয়ার প্রধান শক্তি।
তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে রাউজানে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ব্যক্তিগত মতভেদ ও ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা গোলাম আকবর খোন্দকারের বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাছান মোহাম্মদ জসীম, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

