কক্সবাজার শহরে ছুরিকাঘাতে জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন, যিনি স্থানীয়ভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবেও পরিচিত ছিলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন।
নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলোর ঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যদিও তার কোনো পদ-পদবী ছিল না, তবুও সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে কবিতা চত্বরে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত খোরশেদকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত হন।
পরে তার বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খোরশেদের সঙ্গে থাকা তারিন নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশের হেফাজতে নেওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, একদল দুর্বৃত্ত তাদের ঘিরে মূল্যবান জিনিসপত্র দাবি করে এবং ‘আরিফ’ নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ তুলে খোরশেদকে ছুরিকাঘাত করে।
ওসি ছমিউদ্দিন বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

