শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

হামের উপসর্গে ৩ মাসের শিশুর মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, আইসিইউ না পাওয়ায় শিশুটি মারা গেছে।

- Advertisement -

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ শিশুটি মারা যায়। নিহত কাশফি আক্তার নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে।

নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ কামাল উদ্দিন ভুঁইয়া জানান, চার দিন ধরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে শিশুটিকে রাজশাহীতে পাঠানো হয়।

পরিবারের অভিযোগ, রাজশাহীতে নেওয়ার পর আইসিইউ না পাওয়ায় যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এতে মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু হয়।

এদিকে চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, নাটোর জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সোমবার পর্যন্ত ৩৮ জন শিশুর মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ১৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু।

হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আসমা শাহীন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা ও টিকার মজুদ রয়েছে এবং সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও