চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা-র শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা খালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকা ওই নারীর পড়নে ছিল কালো রঙের সেলোয়ার-কামিজ। তার চুলে ক্লিপও ছিল। ধারণা করা হচ্ছে, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খালটিতে পানির ঢল নামলেও বর্তমানে শুকনো মৌসুমে পাহাড় থেকে অল্প পরিমাণে স্বচ্ছ পানি প্রবাহিত হয়। ফলে লাশটি অন্য কোথাও থেকে ভেসে আসার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

