বুধবার, ৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে চোরাই কাপড়ের বড় চালান—গ্রেফতার ১

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বন্দর বিভাগের অভিযানে একটি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

ডিবি (বন্দর) বিভাগের টিম নং-৫২ গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ এপ্রিল) রাতে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকার হাজী আবুল কালাম গ্রুপের জনির গ্যারেজ/গাড়ির স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। অভিযানে চক্রের সদস্য মো. মাসুদ রানা (৩২)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ রানা রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি বাকলিয়া থানার পাঞ্জাবী কলোনি এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, তার দখলে থাকা একটি কাভার্ডভ্যান থেকে ৮৫ বান্ডেল, অর্থাৎ প্রায় ১৫৩০ কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন গুদাম ও কাভার্ডভ্যান থেকে কৌশলে কাপড় চুরি করে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় বাকলিয়া থানায় পেনাল কোডের ৪১৩/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও