বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সুর থেমে গেল: না-ফেরার দেশে আশা ভোঁসলে

ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে সঙ্গীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

- Advertisement -

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন গুরুতর অসুস্থ না থাকলেও শনিবার সন্ধ্যায় আচমকাই শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরিবারের এক গৃহকর্মীকে অসুস্থতার কথা জানানোর পরপরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

তবে পরে তাঁর নাতনি জ়নাই ভোঁসলে সামাজিক মাধ্যমে জানান, শিল্পী অতিরিক্ত ক্লান্তি ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরিবার অনুরাগীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানায়। আশাবাদ ছিল দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি—কিন্তু শেষ পর্যন্ত আর ফিরে আসেননি।

আশা ভোঁসলে-এর মৃত্যুতে যেন থেমে গেল ভারতীয় সঙ্গীতের এক স্বর্ণালি অধ্যায়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হিন্দি, বাংলা, মারাঠি সহ বহু ভাষায় অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘দিল তো পাগল হ্যায়’, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’সহ আরও বহু অমর সৃষ্টি।

গান ও সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার। এছাড়া ২০০৮ সালে অর্জন করেন পদ্মভূষণ। ১৯৯৭ সালে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড-এর জন্যও মনোনীত হয়েছিলেন।

শিল্পীর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দ্রুত আরোগ্য কামনা করেছিলেন সামাজিক মাধ্যমে।

শিল্পীর ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, সোমবার সকাল ১১টায় মুম্বাইয়ের লোয়ার পারেলের বাসভবনে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হবে। বিকেল ৪টায় শিবাজি পার্ক-এ সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।

কিংবদন্তি এই শিল্পীর বিদায়ে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে রয়ে যাবে এক অপূরণীয় শূন্যতা। তাঁর কণ্ঠে বেঁচে থাকবে অমর সুরের ইতিহাস।

সর্বশেষ

এই বিভাগের আরও