সারাদেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্ক-এ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, প্রথম ধাপের কার্যক্রম শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে, যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপ শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে এবং তা চলবে ১২ মে পর্যন্ত।
এর আগে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণসহ চারটি সিটি করপোরেশনে (ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ) একযোগে এই কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশে হামের প্রাদুর্ভাব অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

