চট্টগ্রামের মীরসরাই উপজেলায় চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের বাড়িতে গ্যাসের চুলায় রান্নার সময় হঠাৎ সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়।
খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের টিম লিডার অলঙ্গ মারমা জানান, তাদের পৌঁছানোর আগেই তিনটি ঘর পুড়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন আশপাশের আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শোক ও হতাশা নেমে এসেছে। স্থানীয়রা তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

