চট্টগ্রামের মীরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়। রোববার (৭ জুন) সকালে বড়তাকিয়া ও চিনকি আস্তানা এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস লেভেল ক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে উঠে পড়া একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের পর ট্রাকটি লাইনের ওপর কাত হয়ে পড়ে, ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
তবে ট্রেন ও ট্রাকের গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকামুখী (আপ) লাইন সচল করা হলে পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশে যাত্রা পুনরায় শুরু করে।
এ সময় চট্টগ্রামমুখী ‘বিজয় এক্সপ্রেস’ চিনকি আস্তানা স্টেশনে এবং ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ফেনী স্টেশনে আটকা পড়ে।
পরে রেলওয়ের কর্মীরা ট্রাক সরিয়ে উভয় লাইন পরিষ্কার করলে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার মাধ্যমে উভয় লাইন পুনরায় চালু করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ট্রাকটি লাইনের ওপর কাত হয়ে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

