মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শ্রুতি মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাইলেন তানভীরের স্বজনরা

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে কলেজছাত্রী শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি তানভীর হোসেনকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে তার পরিবার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মিরসরাই প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

- Advertisement -

তানভীরের পরিবারের সদস্যরা বলেন, শ্রুতি পালের মৃত্যুর সুষ্ঠু বিচার তারাও চান। তবে প্রকৃত ঘটনা উদঘাটনের আগেই তানভীরকে অপরাধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। তাদের দাবি, ঘটনাটি একটি সড়ক দুর্ঘটনা এবং তদন্ত শেষ হওয়ার আগেই তানভীরকে ধর্ষণ ও হত্যা মামলায় জড়ানো হয়েছে।

জানা গেছে, গত ৭ জুন বিকেলে শ্রুতি পাল তার বন্ধু তানভীর হোসেন, আশরাফ উদ্দিন ও রিসবী সুলতানাকে নিয়ে দুটি মোটরসাইকেলে ফেনী থেকে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উত্তর ইউটার্ন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক তানভীর ও শ্রুতিকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় শ্রুতি গুরুতর আহত হন এবং তানভীরও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রুতির মৃত্যু হয়।

ঘটনার পর তানভীরের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে ও আশরাফ উদ্দিনকে হেফাজতে নেয়। পরে নিহতের বাবা টিটু পাল ৯ জুন মিরসরাই থানায় তানভীর ও আশরাফকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে তানভীরের বড় বোন নাবিলা আক্তার বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। তারা নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

তানভীরের মা হাছিনা খাতুন বলেন, তার ছেলে নিজেকে নির্দোষ দাবি করেছে। তিনি বলেন, শ্রুতির সঙ্গে তানভীরের পরিচয় ছিল এবং তারা একসঙ্গে ঘুরতে গিয়েছিল।

তানভীরের মামা মোহাম্মদ বিজয় দাবি করেন, দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে এটি সড়ক দুর্ঘটনা বলেই প্রতীয়মান হয়। তারপরও তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে নিহতের বাবা টিটু পাল দাবি করেন, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তার অভিযোগ, ঘটনার পর শ্রুতির বন্ধু রিসবী সুলতানা পরিবারের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছেন এবং তানভীরের বক্তব্যও অসংলগ্ন ছিল।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নিহতের পরিবারের দায়ের করা মামলায় তানভীর হোসেন ও আশরাফ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও