চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার এলাকায় চাঁদের গাড়ির চাপায় পারভীন আক্তার (৪৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে নানুপুর বাজারে সুলতানিয়া অটো রাইস মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পারভীন আক্তার উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজাদী বাজার এলাকার বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি চাঁদের গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। পরে চাঁদের গাড়িটি অটোরিকশার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই পারভীন আক্তারের মৃত্যু হয়।
দুর্ঘটনার তীব্রতায় তার শরীরে গুরুতর আঘাত লাগে বলে জানান স্থানীয়রা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে প্রবাস থেকে ফেরা দুই ভাইকে দেখতে বাপের বাড়ি চাড়ালিয়া হাটে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দিয়েছিলেন পারভীন আক্তার। পথিমধ্যে নানুপুর বাজার এলাকায় পৌঁছালে তিনি দুর্ঘটনার শিকার হন।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক চাঁদের গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

