রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রুমের অবিশ্বাস্য ১৫ সেভে একুয়েডরকে রুখে ইতিহাস গড়ল কুরাসাও

ক্রীড়া প্রতিবেদক:

২০২৬ ফিফা বিশ্বকাপে অন্যতম বড় অঘটনের জন্ম দিল কুরাসাও। শক্তিশালী একুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে মাত্র দেড় লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র।

- Advertisement -

ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচজুড়ে একুয়েডরের একের পর এক আক্রমণ ঠেকিয়ে নায়ক হয়ে ওঠেন কুরাসাওর অভিজ্ঞ গোলরক্ষক ইলয় রুম। ৩৭ বছর বয়সী এই গোলকিপার অবিশ্বাস্য ১৫টি সেভ করে দলকে এনে দেন স্মরণীয় এক ড্র।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হাঁটু গেড়ে মাথা নিচু করে মাঠে বসে পড়েন রুম। আর তার সতীর্থরা ছুটে এসে তাকে ঘিরেই উদযাপনে মেতে ওঠেন। ধারাভাষ্যকারের কণ্ঠেও তখন উচ্ছ্বাস—‘একুয়েডরকে চমকে দিল কুরাসাও।’

আগের ম্যাচে বিশ্বকাপ অভিষেকে জার্মানির বিপক্ষে ৭ গোল হজম করলেও দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ বদলে যাওয়া এক কুরাসাওকে দেখা যায়। শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ চালায় একুয়েডর। ম্যাচের তৃতীয় মিনিটেই এনার ভ্যালেন্সিয়ার নিশ্চিত গোলের সুযোগ ফিরিয়ে দেন রুম। এরপর পুরো ম্যাচে কাছ থেকে নেওয়া একাধিক হেড ও কঠিন শট দক্ষতার সঙ্গে প্রতিহত করেন তিনি।

পরিসংখ্যানও রুমের দুর্দান্ত নৈপুণ্যের সাক্ষ্য দেয়। ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছিল একুয়েডর। তারা মোট ২৬টি শট নেয়, যার ১৫টি ছিল লক্ষ্যে। কিন্তু একটিও গোল করতে পারেনি রুমের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে।

বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড এখনো যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ডের দখলে। ২০১৪ সালে বেলজিয়ামের বিপক্ষে তিনি ১৬টি সেভ করেছিলেন। তবে নির্ধারিত ৯০ মিনিটে রুমের ১৫টি সেভ বিশ্বকাপের অন্যতম সেরা গোলকিপিং প্রদর্শনী হিসেবে জায়গা করে নিয়েছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮১ নম্বরে থাকা কুরাসাওয়ের জন্য এই ড্র শুধু একটি পয়েন্ট নয়, বরং বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জনের গৌরবও।

অন্যদিকে, একুয়েডরের জন্য এটি বড় ধাক্কা। প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হারের পর এবারও গোল করতে ব্যর্থ হলো দক্ষিণ আমেরিকার দলটি।

গ্রুপের শীর্ষস্থান ইতোমধ্যে নিশ্চিত করেছে জার্মানি। তবে বাকি তিন দলের সামনে এখনো নকআউটের সম্ভাবনা রয়েছে। শেষ ম্যাচে একুয়েডর খেলবে জার্মানির বিপক্ষে, আর কুরাসাও মুখোমুখি হবে আইভরি কোস্টের।

সর্বশেষ

এই বিভাগের আরও