গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে দারুণ সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধেই দুই গোল করে স্বস্তির লিড নেয় আলবিসেলেস্তেরা। তবে বিরতির পর এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে জর্ডান।
রোববার (২৮ জুন) অনুষ্ঠিত ম্যাচে গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি একাদশে বড় পরিবর্তন আনেন। আগের ম্যাচের তুলনায় তিনি করেন মোট ৯টি পরিবর্তন।
ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে লাওতারো মার্টিনেজ গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে জর্ডান। এরই ধারাবাহিকতায় ৫৫তম মিনিটে মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজেদের তিনটি গ্রুপ ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখাল জর্ডান।
ম্যাচের বাকি সময়ে আর্জেন্টিনা আবারও ব্যবধান বাড়াতে এবং জর্ডান সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

