বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

১৭ বছর পর বাবুর্চি হত্যা মামলার রায়, দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া ডিসি রোড এলাকায় বাবুর্চি পলাশ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত

- Advertisement -

সোমবার (২৯ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আইয়ুব আলী ও মাহমুদুল হাসান সোহেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় দুই আসামিই পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আইয়ুব আলী (৪৪) নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব লালপুর গ্রামের মৃত সরদার আলীর ছেলে। অপর আসামি মাহমুদুল হাসান সোহেল (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। ঘটনার সময় তারা চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও বাদুরতলা এলাকায় বসবাস করতেন।

মামলার নথি অনুযায়ী, নিহত পলাশ নেত্রকোণার আটপাড়া উপজেলার বাসিন্দা এবং নগরীর চকবাজার এলাকার একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। একই রেস্টুরেন্টে কাজের সূত্রে আইয়ুব আলীর সঙ্গে তার পরিচয় হয়। পরে ব্যক্তিগত বিরোধের জেরে ২০০৯ সালের ২৭ আগস্ট রাতে পলাশকে বাসা থেকে ডেকে নিয়ে একটি ভবনের কক্ষে আটকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই সম্রাট বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১২ সালের ১২ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও