চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘এমভি বে হারবার-২’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
- Advertisement -
মঙ্গলবার (৩০ জুন) ভোররাত ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটি পাথরবোঝাই অবস্থায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল।
কোস্টগার্ড সূত্র জানায়, জাহাজডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। দ্রুত অভিযান চালিয়ে জাহাজে থাকা ১২ নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থল ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। জাহাজডুবির ঘটনায় কর্ণফুলী চ্যানেলে নৌযান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং বন্দর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

