চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে অভিযান চালিয়ে রুবেল মজুমদারকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল মজুমদার কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের ছেলে।
অভিযান পরিচালনাকারী বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, রুবেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত রুবেল মজুমদারকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

