শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ শেষ, ডালাস স্টেডিয়াম থেকে তুলে ফেলা হলো বিশেষ ঘাসের মাঠ

স্পোর্টস ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র দুই দিনের মাথায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য বসানো বিশেষ প্রাকৃতিক ঘাসের মাঠ সরিয়ে ফেলা হয়েছে। এখন স্টেডিয়ামটিকে আবার এনএফএলের ডালাস কাউবয়েজের ম্যাচ আয়োজনের উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে।

- Advertisement -

বিশ্বকাপে উত্তর টেক্সাসে অনুষ্ঠিত নয়টি ম্যাচে এই বিশেষভাবে প্রস্তুত করা ঘাসের মাঠ ব্যবহার করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই মাঠের ঘাস অপসারণের কাজ শুরু করেন কর্মীরা।

বিশ্বকাপ চলাকালে মাঠের মান ধরে রাখতে নেওয়া হয়েছিল বিশেষ যত্ন। ম্যাচের দিনে দুই থেকে তিনবার ঘাস কাটা হতো। এছাড়া খেলা শুরুর আগে, বিরতির সময় এবং হাইড্রেশন ব্রেকেও স্প্রিংকলারের মাধ্যমে নিয়মিত পানি দেওয়া হতো, যাতে মাঠের গুণগত মান অক্ষুণ্ন থাকে।

তবে সরিয়ে ফেলা ঘাসের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফিফা। স্থানীয়ভাবে এটি কোনো প্রতিষ্ঠানকে দান করা হতে পারে বলে আলোচনা রয়েছে। অন্যদিকে, নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে ব্যবহৃত ঘাসের অংশ স্মারক হিসেবে বিক্রির পরিকল্পনার কথাও আগেই জানিয়েছিল সংস্থাটি।

বিশ্বকাপ চলাকালে ফিফার স্পন্সরশিপ নীতিমালা অনুযায়ী এটিঅ্যান্ডটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘ডালাস স্টেডিয়াম’ রাখা হয়েছিল। টুর্নামেন্ট শেষ হওয়ার পর স্টেডিয়ামের ছাদে লাগানো ফিফার অস্থায়ী আবরণ সরিয়ে আবার এটিঅ্যান্ডটির লোগো দৃশ্যমান করা হচ্ছে।

এদিকে বিশ্বকাপে উন্নতমানের প্রাকৃতিক ঘাসের মাঠ ব্যবহারের বিষয়টি এনএফএল খেলোয়াড়দের মধ্যেও নতুন করে আলোচনা তৈরি করেছে। এনএফএল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান জেসি ট্রেটার বলেন, ফুটবলারদের জন্য যেভাবে উন্নতমানের মাঠ প্রস্তুত করা হয়েছে, একই ধরনের নিরাপদ ও উচ্চমানের মাঠ দীর্ঘদিন ধরেই এনএফএল খেলোয়াড়রা দাবি করে আসছেন।

তার ভাষায়, ‘আমরা শুধু ঘাসের মাঠ চাই না, আমরা উচ্চমানের খেলার উপযোগী মাঠ চাই। নিম্নমানের ঘাসের চেয়ে ভালো মানের মাঠই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপের জন্য তৈরি বিশেষ ঘাসের মাঠ সরিয়ে ফেলার মধ্য দিয়ে টেক্সাসে ফুটবল বিশ্বকাপের আয়োজনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটল। এখন স্টেডিয়ামটি আবার আমেরিকান ফুটবল মৌসুমের জন্য প্রস্তুত করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও