শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গণিতচর্চা ছড়িয়ে দিতে তৃণমূলেও সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াড (ইজিএমও)-এ পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াডে তাদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।

এ সময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়। জবাবে তিনি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য একটি তহবিল গঠনের প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এতে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি দেন।

এ ছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে স্কুল পর্যায়ে কার্যক্রমভিত্তিক গণিত চালুর প্রস্তাবেও সম্মতি জানান তিনি।

স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য ইংরেজি ভাষার আইইএলটিএস পরীক্ষার আদলে পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা দেওয়া হবে।

সাক্ষাৎকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বিজিএমএফ চেয়ারম্যান অধ্যাপক সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইএমও ও ইজিএমওতে পদকজয়ী কয়েকজন শিক্ষার্থীও।

সর্বশেষ

এই বিভাগের আরও