শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে আইনে ব্যবস্থা নেওয়া হবে: তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের চলমান বিভিন্ন সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত কিছুদিন ধরে সরকার লক্ষ্য করছে, স্বৈরাচারী আমল ও অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও সেসব সমস্যাকে পুঁজি করে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করছেন।

তিনি বলেন, ‘সমস্যা নেই, আমরা কখনোই বলছি না। বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই সমস্যা আছে। কিন্তু এসব সমস্যা পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। বিভ্রান্তি তৈরির মাধ্যমে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন।’

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের জনগণ বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবে এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা সর্বোচ্চভাবে অনুসরণের চেষ্টা করবে।

তিনি বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতা নিয়ন্ত্রণ করতে হয়। সরকার হিসেবে এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকেরই প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’

আলোচনা সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের সাবেক চেয়ারম্যান খালেদা জিয়াসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও