শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বুড়িগঙ্গাসহ রাজধানীর নদ-নদী দূষণ রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বুড়িগঙ্গা, তুরাগসহ রাজধানীর চারপাশের নদী, খাল ও ড্রেনের দূষণ রোধ এবং বর্জ্য অপসারণে সংশ্লিষ্টদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন এবং ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার নৌপথ সংক্রান্ত’ এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামির এ তথ্য জানান।

তিনি জানান, সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন কার্যক্রমও পর্যালোচনা করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে।

বৈঠকে নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

সর্বশেষ

এই বিভাগের আরও