নগরের যানজটের অন্যতম হটস্পট জিইসি মোড়ের বিভিন্ন বাণিজ্যিক ভবন ও শপিং কমপ্লেক্সে পার্কিং, অনুমোদিত নকশা ও ফুটপাত দখলসহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনিয়ম সংশোধন ও অনুমোদিত নকশা উপস্থাপনের জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে জিইসি মোড়সংলগ্ন সেন্ট্রাল প্লাজা, কামাল স্টোরস্থ ভবন, মেরিডিয়ান রেস্টুরেন্টের ভবনসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সেন্ট্রাল প্লাজার কোনো মার্কেট কর্তৃপক্ষই সিডিএর অনুমোদিত নকশা দেখাতে পারেনি।
এ অবস্থায় তাদের সাত দিনের মধ্যে অনুমোদিত নকশা নিয়ে সিডিএ কার্যালয়ে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত দখল ও অননুমোদিত স্থাপনা সরিয়ে নিতে কয়েকটি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, জিইসি মোড় নগরের যানজটের অন্যতম হটস্পট। বিভিন্ন শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক ভবনে পার্কিংয়ের জায়গায় স্থাপনা নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে পথচারীদের চলাচলের পথও দখল করে রাখা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করে সাত দিনের সময় দেওয়া হচ্ছে। এ সময়ের মধ্যে অনিয়ম সংশোধন না করলে সিডিএর ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।

