রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধের আগের রেকর্ড ছাড়াল তেল পরিবহন, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায়ও বেশি পরিমাণ জ্বালানি তেল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করেছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান আত্মসমর্পণ করলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে বলেও মন্তব্য করেছেন তিনি।

- Advertisement -

রোববার (২৭ সেপ্টেম্বর) শিকাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গত রাতে হরমুজ প্রণালি দিয়ে ‘রেকর্ড পরিমাণ তেল’ পরিবহন করেছে। তাঁর দাবি, এই পরিমাণ যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র যে পরিমাণ তেল উত্তোলন করেছিল, তার চেয়েও বেশি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান আত্মসমর্পণ করার সঙ্গে সঙ্গে এবং যুদ্ধ শেষ হলেই বিশ্ববাজারে তেলের দাম কমে যাবে। তাঁর ভাষ্য, যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে ইরানের দেওয়া সাত দিনের শান্তি প্রস্তাব ও যুদ্ধবিরতির রূপরেখা সরাসরি প্রত্যাখ্যান করেন ট্রাম্প। ওই প্রস্তাবে ইয়েমেন ও লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথকেই একমাত্র সমাধান হিসেবে দেখছে তেহরান। তবে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক প্রস্তুতি অব্যাহত রাখার কথাও জানিয়েছে ইরানের সামরিক নেতৃত্ব।

দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো নতুন সামরিক হামলা বা উসকানিমূলক পদক্ষেপ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও