কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা হলে এতে ১০০ কোটি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিল গেটস।
সাক্ষাৎকারে গেটস বলেন, এআই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আলোচনায় যুক্ত হতে হবে। এ খাতে যথাযথ সরকারি নিয়ন্ত্রণ ও নজরদারি প্রয়োজন। পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ আরোপ করলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কিছু অতিরিক্ত ব্যয় হবে বলে স্বীকার করেন গেটস। তবে তাঁর মতে, এতে প্রযুক্তির অগ্রগতি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে না।
এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আরও সতর্ক করে গেটস বলেন, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা ব্যাপক প্রাণহানির কারণ হতে পারে। এ কারণে প্রযুক্তিটির উন্নয়ন ও ব্যবহারে কার্যকর নিরাপত্তাব্যবস্থা থাকা জরুরি।
এআই বন্ধ করার জন্য ‘কিল সুইচ’ রাখার ধারণা নিয়েও কথা বলেন তিনি। গেটসের মতে, শুধু একটি কিল সুইচ থাকলেই এআইয়ের সব ঝুঁকি মোকাবিলা করা সম্ভব নয়। তবে প্রযুক্তিটি এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি, যেখানে এটি নিজে থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে বন্ধ করার সুযোগ নষ্ট করতে পারে।
এর আগে আগস্টের শেষ দিকে প্রকাশিত প্রায় ছয় হাজার শব্দের একটি প্রবন্ধেও এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন গেটস। প্রযুক্তি খাতের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও এআইয়ের উন্নয়নের গতি কমানো এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।
এদিকে গত ২৩ সেপ্টেম্বর মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স একটি আইন প্রস্তাব করেন। এতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
অন্যদিকে, এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে মাইক্রোসফটও সমালোচনার মুখে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন এর কিছু কর্মী ও অধিকারকর্মী।
সাক্ষাৎকারের শেষ দিকে ব্যক্তিগত জীবনে এআইয়ের ব্যবহার নিয়ে প্রশ্ন করা হলে গেটস জানান, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি এআই ব্যবহার করেন না। পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাঁর এ প্রযুক্তির প্রয়োজন হয় না।

