শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠক ও নানা উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

- Advertisement -

শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে।

দুই দেশের কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব আয়োজনের বিষয়ে তিনি বলেন, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা করা হবে।

এর আগে আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পঞ্চম কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। তবে চলতি মাসের শেষ দিকে নতুন তারিখ নির্ধারণের প্রস্তাব দিয়েছে ঢাকা। সংলাপটি ঢাকাতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, সময়সূচি সমন্বয় করতে না পারায় গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ভারত।

এদিকে, কনস্যুলার সংলাপ সামনে রেখে গত ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুশইনের অপচেষ্টা বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় আলোচনার জন্য প্রস্তাব করা হয়।

অন্যদিকে, ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়েছে।

তবে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানিয়েছেন, বৈঠক পেছানোর সঙ্গে শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে করা অনুরোধের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে ভারতের চিঠি আসার আগেই বৈঠক পিছিয়ে দেওয়ার কূটনৈতিক পত্র পাঠানোর বিষয়টি তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে শুরু হওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ চতুর্থ সংলাপটি ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও