শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শ্বশুরবাড়িতে বাবা ও সাত মাসের যমজ দুই মেয়ের ম-র-দে-হ উদ্ধার

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে মো. জাহেদ হোসেন (৫০) ও তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহেদ হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। তাঁর মরদেহ কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর যমজ দুই শিশু জারিন ও জাসিয়ার মরদেহ পাওয়া যায় একই কক্ষের খাটের পাশে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহেদের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, জাহেদের বাড়ি বাঁশখালীর চাম্বল গ্রামে। তবে গত দেড় বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। কক্ষটির দরজা ভেতর থেকে হুক লাগানো থাকায় বেড়া কেটে তাঁরা ভেতরে প্রবেশ করেন। এ সময় জাহেদকে ঝুলন্ত অবস্থায় এবং খাটের পাশে দুই শিশুর মরদেহ দেখতে পান। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মামুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে শাশুড়ির কাছে দুই লাখ টাকা পাওনার কথা লেখা রয়েছে। চিরকুটটি জাহেদের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও