বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লিডার্সের স্কুল ব্যাগ পেয়ে হাসি ফুটল সুবিধাবঞ্চিত শিশুর মুখে

নিউজ ডেস্ক:

নতুন স্কুল ব্যাগ হাতে পেয়ে আনন্দে ঝলমল করছে শিশুদের মুখ। কেউ ব্যাগটি বুকে জড়িয়ে ধরছে, কেউবা বারবার খুলে দেখছে। নতুন ব্যাগে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে তারা।

- Advertisement -

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার আল আমিন শিশু একাডেমির সুবিধাবঞ্চিত শিশুদের মুখে এমনই হাসি ফুটিয়েছে মানবিক উন্নয়ন সংস্থা লিডার্স।

বুধবার (২৫ নভেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির সৌজন্যে শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

ব্যাগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছাম্মদ আসফিয়া আক্তার বলেন, ‘নতুন স্কুল ব্যাগ পেয়ে আমার খুব ভালো লাগছে। এখন নতুন ব্যাগে বই-খাতা নিয়ে স্কুলে আসতে পারব।’

একই শ্রেণির রুকাইয়া আক্তার বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটি সুন্দর স্কুল ব্যাগের। নতুন ব্যাগ পেয়ে আমি খুব খুশি। যত্ন করে ব্যাগটি ব্যবহার করব।’

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রিফি মনি ও আফরিন আক্তারও নতুন ব্যাগ পেয়ে আনন্দ প্রকাশ করে। আফরিন বলেন, ‘আমি মন দিয়ে পড়াশোনা করতে চাই। যাঁরা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছেন, তাঁদের জন্য দোয়া করি।’

বিদ্যালয়ের শ্রেণিশিক্ষিকা সালেহা আক্তার বলেন, শিশুদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা পড়াশোনায় আগ্রহ বাড়ানোর গুরুত্বপূর্ণ অংশ। লিডার্সের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ তৈরি করেছে এবং তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিদ্যালয়ের সুপারভাইজার সাদিয়া ইয়াসমিন বলেন, শিশুদের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশা করেন।

আল আমিন শিশু একাডেমির পরিচালক রাইহান ইসমাইল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও বিকাশে পাশে দাঁড়ানোর জন্য লিডার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে লিডার্সের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ে ভর্তির পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে সংস্থাটির পরিচালক কাজী আবদুল হান্নান জিলানী, শাহাজাদা আবদুল কাইয়ুম, মো. ওমর ফারুক, খালেদ হোসেন পারভেজ, হাজী আবু বক্কর, জাহাঙ্গীর আলম শাকিল ও মোশাররফ হোসেন এবং চিকিৎসক জুবাইদা খানম নিপা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও