বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত পুলিশ: ডিআইজি

স্টাফ রিপোর্টার

ডিসেম্বরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডিআইজি জানান, র‌্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে এলাকায় নিয়মিত যৌথ টহল চলছে। কোনোভাবেই সেখানে নতুন করে সন্ত্রাসীদের আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না। অপরাধীরা যাতে এলাকায় আশ্রয় নিতে না পারে, সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জঙ্গল সলিমপুরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এলাকার মানুষ এখন স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিক রয়েছে। কারও কোনো সমস্যা থাকলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শামসুল হক বলেন, জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। মানুষের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও তাতে সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই। পরিস্থিতি আরও ভালো করতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে ডিআইজি বলেন, সরকার গৃহীত পরিকল্পনা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে সব ক্ষেত্রে জনগণের স্বার্থ ও কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই জঙ্গল সলিমপুরে ইতিবাচক পরিবর্তন এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণ সম্পন্ন হলে যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং নগরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

পরিদর্শনকালে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান ও অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন ডিআইজি।

এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

Link Factory verification

এই বিভাগের আরও