রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শান্তি প্রতিষ্ঠায় অবদানে সম্মানিত ডা. শাহাদাত

স্টাফ রিপোর্টার

শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি ও মানবিক নগরী গড়ে তোলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

শুক্রবার নগরীর জামালখান এলাকার সিনিয়র্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশন ইউনেস্কোর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের মধ্যে শিক্ষায় ইঞ্জিনিয়ার আলী আহমদ, ইউনেস্কোর আদর্শ বাস্তবায়নে মাহবুব উদ্দীন চৌধুরী, সাংবাদিকতা ও শিশু সাহিত্যে রাশেদ রউফ, সামাজিক কর্মকাণ্ডে কামাল মোস্তফা চৌধুরী ও অঞ্জন শেখর দাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে রফিকুল হাসান মিনু উল্লেখযোগ্য। এ ছাড়া মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্তসহ আরও কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের পর বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক ও নিরাপদ নগরী গড়ে তুলতে নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা বাড়াতে হবে। শান্তি মানে শুধু সংঘাত ও সহিংসতামুক্ত পরিবেশ নয়; বরং মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, চট্টগ্রামকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাগরিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশু, নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীসহ প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

প্রশাসক আরও বলেন, শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসারের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় ইউনেস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুদ্ধ, বিদ্বেষ ও বিভাজনের পরিবর্তে শিক্ষা, সংস্কৃতি, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার চর্চা বাড়াতে হবে। নতুন প্রজন্মের মধ্যে মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা ও সহনশীলতার মূল্যবোধ ছড়িয়ে দিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ক্লাবের সভাপতি কামাল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দীন চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এ এইচ এম শামসুল মুকতাদির, ইঞ্জিনিয়ার আলী আহমদ এবং বাংলা একাডেমি ফেলো ও শিশু সাহিত্যিক রাশেদ রউফ।

ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু ও সাংস্কৃতিক সম্পাদক সিমলা চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে আমন্ত্রিত অতিথিরা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইউনেস্কোর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে যুদ্ধ ও সংঘাতের পরিবর্তে শান্তি, মানবিকতা এবং পারস্পরিক সহযোগিতার চর্চা জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা স্বরচিত কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

এই বিভাগের আরও