রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত তিন ফার্মেসিকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের দায়ে তিন ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে কোনো প্রকারের অনুমোদন না থাকায় দরবার মেডিকো নামের এক ফার্মেসিকে সিলগালা করে দেওয়া হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার গোমদণ্ডী ফুলতল এবং কধুরখীল চৌধুরী হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, পৌরসভা ফুলতলে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের দায়ে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় আল ইমাম মেডিকোর আরিফ হোসেনকে ৫ হাজার টাকা, বোয়ালখালী জেনারেল হাসপাতাল ফার্মেসির রাজু দে’কে ২ হাজার টাকা এবং কধুরখীল চৌধুরী হাট এলাকার দরবার মেডিকোর বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে কোনো অনুমোদন লাইসেন্স না থাকায় ও অব্যবস্থাপনার কারণে দরবার মেডিকো ফার্মেসিকে সিলগালা করা হয়।

এছাড়া ত্রিপল বিহীন বালু পরিবহনের দায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর সংশ্লিষ্ট ধারায় নুরুল আলমকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন চট্টগ্রাম ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান।

সর্বশেষ

এই বিভাগের আরও