জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। ভোট গ্রহণের প্রায় ৪৮ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হলো।
ভিপি পদে জিতু পেয়েছেন ৩৩৩৪ ভোট। জিএস পদে মাজহারুল ইসলাম পেয়েছেন ৩৯৩০ ভোট। এ ছাড়া এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান ২৩৫৮ ভোট, এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা ৩৪০২ ভোটে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান
খাদ্যনিরাপত্তা সম্পাদক: হুসনি মোবারক
সহ-সমাজসেবা সম্পাদক: তৌহিদ হাসান
সমাজসেবা সম্পাদক: আহসান লাবিব
তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইসলাম
সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): মাহাদী হাসান
সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আকতার
সহ-সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা
সহ-সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দীন
সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম
কার্যকরী সদস্য (নারী) পদে জয়ী হয়েছেন নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান। আর কার্যকরী সদস্য (পুরুষ) পদে জয় পেয়েছেন মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা ও তরিকুল ইসলাম।
ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ব্যালট বাক্স সিনেট ভবনে এনে রাত ১০টার পর থেকে ভোট গণনা শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে প্রায় ৪৮ ঘণ্টা পর প্রকাশিত হলো চূড়ান্ত ফলাফল।
নির্বাচনে ছাত্রশিবির, ছাত্রদল, বামপন্থি সংগঠন ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে ২১টি কেন্দ্র ও ২২৪টি বুথে ভোট হয়।
