তুরস্কের আনতালিয়ায় ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনে যোগ দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড লিডার সামিটে যোগ দেবেন। এ ছাড়া তিনি ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেবেন।
সম্মেলনে সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম।
উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
এ ছাড়া রাতে বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা থেকে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। সম্মেলনে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সরকারপ্রধান।

