সোমবার, ১০ আগস্ট ২০২৬

আনোয়ারায় নারী-শিশুসহ ৩১ রোহিঙ্গা আটক

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দালালের মাধ্যমে পালিয়ে আসা নারী-শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী

- Advertisement -

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত দুধকুমরা এলাকার টানেল সার্ভিস এরিয়ায় আনোয়ারা আর্মি ক্যাম্প (৩৮ এডি রেজিমেন্ট) এর পেট্রোল টিম অভিযান চালায়।

ওয়ারেন্ট অফিসার গানার আল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৪ জন প্রাপ্তবয়স্কসহ মোট ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী-পুরুষ ছাড়াও একাধিক শিশু রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুই দিন আগে একজন দালালের সহায়তায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। ৭টি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা গ্রহণ করে দালাল তাদের নৌকাযোগে আনোয়ারায় নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা শহরে গিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল।

আটক রোহিঙ্গাদের কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী উর্ধ্বতন সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী ক্যাম্পের লেঃ আলমগীর রানা বলেন, “আজ সেনাবাহিনী ৩১ রোহিঙ্গাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”

সর্বশেষ

এই বিভাগের আরও