প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রয়েছে।
তিনি শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ অংশগ্রহণকালে এ মন্তব্য করেন।
সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৮৫০ উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, কমিশন বহু দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি কর্মকর্তাদের কোনো দলের পক্ষ হয়ে কাজ না করার নির্দেশ দেন এবং স্পষ্ট করে বলেন, বেআইনি কোনো নির্দেশনা ইসি থেকে দেওয়া হবে না।
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মন্তব্য করেন, ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার কারণে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে সবচেয়ে চ্যালেঞ্জিং।
কমিশনাররা কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, এবারের নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে হবে, এবং নির্বাচনের নামে কোনো প্রহসন চলবে না। কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে তার দায়ভার নিজেকেই নিতে হবে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “১০ মাস ১০ দিনে কমিশন প্রমাণ করেছে, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে। কমিশন শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে।”
নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের ওপর একটি আমানত, যা ইহকালে এবং পরকালেও এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সম্মেলনে কর্মকর্তারা ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কমিশনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং একইসঙ্গে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

