সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আবির, নাচ আর সিঁদুরে মাতলো জেএম সেন হল

স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিবছরের মতো এবারও আনন্দ-উচ্ছ্বাসে সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা।

- Advertisement -

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জেএম সেন হলের পূজামণ্ডপে সিঁদুর খেলার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ খেলায় অংশ নেন বিভিন্ন বয়সী নারীরা।

পূজার গানে নেচে-গেয়ে নারীরা উৎসবে মেতে ওঠেন। ছিল আবির ছড়ানো আর ধুনুচি নৃত্যের পরিবেশনা। এর আগে মা দুর্গাকে প্রণাম, মিষ্টি, পান ও পায়ে সিঁদুর দিয়ে বিদায় জানান তারা। পরে একে অপরের মুখে সিঁদুর মেখে আনন্দ ভাগাভাগি করেন।

নারীরা জানান, ব্যক্তিগত ও পারিবারিক সুখ-শান্তি, পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধির জন্য মা দুর্গার আশীর্বাদ কামনা করেন তারা।

সিঁদুর খেলায় অংশ নেওয়া নিরূপমা দাশ বলেন, “সিঁদুর খেলা আমাদের ঐতিহ্য। এর মধ্য দিয়ে সম্পর্কের উন্নয়ন হয়।”

আয়োজনের উদ্বোধন করেন পূজা কমিটির সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ।

নিখিল কুমার নাথ জানান, “শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়েছে। এখন আমরা প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি নিচ্ছি। পতেঙ্গা সৈকতসহ সাগর, নদী, খাল ও দীঘিতে প্রতিবছরের মতো প্রতিমা বিসর্জন দেওয়া হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও