এক মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর, কাপড়, আসবাবপত্র, এমনকি স্বপ্নও। মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১টি বসতঘর। আগুনে আহত হয়েছেন ওই বাড়ির নুরুল কবির (৬২) নামের এক বৃদ্ধ।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় অর্ধ কোটি টাকা। হতভম্ব হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো— মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে তারা হয়ে পড়েন দিশেহারা।
ঠিক এমন এক দুঃসময়ে রাজনৈতিক সামাজিক সংগঠনের পাশাপাশি পাশে দাঁড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রবিবার (১২ অক্টোবর) বিকেলে সংগঠনটির নেতারা ক্ষতিগ্রস্ত এলাকায় যান এবং ক্ষতিগ্রস্ত ১১টি পরিবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
সহায়তা দিতে গিয়ে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম বলেন, “মানুষের কষ্টে পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। আমরা চাই, এসব অসহায় মানুষ আবারও নতুন করে দাঁড়িয়ে যেতে পারুক।”
তার সঙ্গে ছিলেন মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. আলা উদ্দিন, উপজেলা আহবায়ক মো. ওমর শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এক নারী বলেন, “আমরা ভেবেছিলাম কেউ হয়তো খোঁজও নেবে না। আজ মনে হলো, এখনো মানুষ আছে যারা অন্যের কষ্ট বুঝে।”
স্থানীয়রা মনে করছেন রাজনীতি যদি এমন মানবিক হয়, তবে সেটিই হতে পারে সমাজ বদলের সবচেয়ে বড় শক্তি।

