বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলটির অতীত কর্মকাণ্ডের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত সংগঠনের সব ভুলের জন্য ক্ষমা চান।
সভায় জামায়াত আমির বলেন, “১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা যে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমরা বিনাশর্তে তাদের কাছে ক্ষমা চাই। অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমি—আমরা সবাই সময় সময় এ ক্ষমা চেয়েছি। এখন আবারও আন্তরিকভাবে বলছি, আমাদের দ্বারা কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, তাদের কাছে আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন, “আমরা ভুল করি নাই—এমন দাবি করব না। শত সিদ্ধান্তের মধ্যে একটি ভুল সিদ্ধান্তও জাতির ক্ষতি করতে পারে। তাই আমার কোনো সিদ্ধান্তে যদি দেশের বা জাতির ক্ষতি হয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা চাইতে দ্বিধা করছি না।”
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের মতামতের ভিত্তিতে পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোট করা প্রয়োজন।”
তিনি আরও দাবি করেন, ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায় নির্বিঘ্নে বসবাস করতে পারবে।

