চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দায়িত্বে যাওয়া পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসের ব্রেক ফেল হয়ে দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী সদস্য।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, সিএমপি হেডকোয়ার্টার থেকে বাসটি বের হওয়ার পরপরই দামপাড়ার ভেতরে ব্রেক ফেল হয়ে দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে পুলিশ লাইনস হাসপাতাল এবং বাকিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে বাসটি পুলিশ লাইনসের ভেতরে রাখা হয়েছে।
একটি সূত্র জানায়, বাসটি উঁচু-নিচু এলাকা দিয়ে নামার সময় চালক হঠাৎ বুঝতে পারেন ব্রেক কাজ করছে না। তিনি তখন সবাইকে শক্ত হয়ে বসতে বলেন। কিছুক্ষণ পর বাসটি রাস্তার পাশের দেয়ালে ধাক্কা খায়।
চমেক হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত এক ডজন নারী পুলিশ সদস্য রয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয়। সবাই প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে রয়েছেন অথবা পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।

