ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা গ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা গেলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি মোকাবিলা এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সহজ হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজ মিলনায়তনে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থী ও শিক্ষিকাদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর (CSCR) এবং পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস ২০২৬-এর কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, ব্রেস্ট ক্যান্সার একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি। তবে রোগ সম্পর্কে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব। এ বিষয়ে শুধু চিকিৎসক বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হতে হবে।
তিনি আরও বলেন, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাসব্যাপী কর্মসূচি চট্টগ্রামে ইতিবাচক সাড়া ফেলেছে। এ উদ্যোগ আরও বিস্তৃত করতে ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রোগটি নিয়ে ভীতি ও অসচেতনতা কমানোর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে সিটি করপোরেশনের প্রশাসক বলেন, শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারে। বিশেষ করে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
নগরীর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সিটি করপোরেশনের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন ও হেলদি সিটি’ হিসেবে গড়ে তোলা চসিকের অন্যতম লক্ষ্য। পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করাও এ লক্ষ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ জন্য নগরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী। বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আরিফুল হাসানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব।

