চ্যাম্পিয়নস লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলের বড় ব্যবধানে হারলো বার্সেলোনা। ম্যাচের শুরু থেকে দাপট দেখানো চেলসির সামনে যেন কোণঠাসা হয়ে পড়ে বার্সা। প্রথমার্ধে আত্মঘাতী গোল এবং অধিনায়ক রোনাল্ড আরাউহোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ায় ম্যাচে আর ফেরা সম্ভব হয়নি কাতালান ক্লাবটির।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় বার্সেলোনা। লামিনে ইয়ামালের পাস বক্সে পেয়ে ফেরান তোরেস পেনাল্টি স্পট থেকে অবিশ্বাস্যভাবে বল বাইরে মারলে হাতছাড়া হয় সম্ভাব্য গোল।
এরপর ২৭তম মিনিটে কুকুরেয়ার কাট-ব্যাক বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দের পায়ে লেগে জড়ে যায় নিজেদের জালে—আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সা।
প্রথমার্ধের শেষ দিকেই আরও বড় ধাক্কা। কুকুরেয়াকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অধিনায়ক আরাউহোকে। ১০ জন নিয়েই প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে মাঠে নামে আরও আক্রমণাত্মক চেলসি। ম্যাচের ৫৫তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভোঁ দুর্দান্ত ব্যক্তিগত দক্ষতায় ব্যবধান দ্বিগুণ করেন।
৭৩তম মিনিটে এনজো ফার্নান্দেজের পাসে লিয়াম ডেলাপ গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে। প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআরের সিদ্ধান্তে গোল বহাল থাকে।
চেলসির আরও তিনটি গোল রেফারিং সিদ্ধান্তে বাতিল হয়—দুটি অফসাইডে, একটি হ্যান্ডবলে। অন্যদিকে ১০ জনের বার্সেলোনা ম্যাচে আর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি।

