জোট গঠন করা হলেও কোনো রাজনৈতিক দল অন্য দলের প্রতীক ব্যবহার করে নির্বাচনে অংশ নিতে পারবে না—এমন রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে নির্বাচনী জোট করলেও প্রতিটি দলকে নিজস্ব দলীয় প্রতীকেই ভোট করতে হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায় অনুযায়ী, নির্বাচনী জোটের কাঠামো বজায় থাকলেও ভোটের মাঠে আর বড় দলের প্রতীক ব্যবহার করতে পারবে না ছোট দলগুলো। প্রতিটি দলকেই তাদের নিবন্ধিত নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আদালতের এই সিদ্ধান্তের ফলে পূর্বের প্রচলিত নিয়মে বড় দলের প্রতীক ব্যবহারের যে সুবিধা ছোট দলগুলো পেত, তা আর থাকছে না।
অতীতে বিভিন্ন সময়ে নির্বাচনী জোটে নেতৃত্বপ্রাপ্ত দলের প্রতীক ব্যবহার করে ছোট দলগুলো ভোটে অংশ নিয়েছে। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা গেছে। নতুন রায়ের ফলে ভবিষ্যৎ নির্বাচনে প্রতিটি দলের প্রতীক ব্যবহার হবে তাদের নিজস্ব পরিচয়ের ভিত্তিতে।

