রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি এই ফোনালাপ করেন।

- Advertisement -

ফোনে আলাপকালে তারেক রহমান প্রধান উপদেষ্টার শারীরিক খোঁজখবর নেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকমের আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ।’

এই ফোনালাপের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তারেক রহমান। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন’।

ভিডিওতে আরও শোনা যায়, তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার শরীর কেমন আছে?… হ্যাঁ, দোয়া করবেন।’

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে সংবর্ধনা গ্রহণের পর দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বাসে ওঠার আগে তিনি জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন— যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

এর আগে বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। তাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও