রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

রাউজানে দুই প্রার্থীর লড়াই—শেষ হাসি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর

উপজেলা প্রতিনিধি:

রাউজান আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য প্রার্থিতা নিয়ে চলমান দ্বন্দ্বের অবসান ঘটেছে। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

- Advertisement -

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১টার দিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিএনপির চূড়ান্ত মনোনয়নপত্র চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে হস্তান্তর করা হয়।

১৭ জানুয়ারি ইস্যু করা ওই চিঠিতে ২৮৩ চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

জেলা প্রশাসক জানান, গত ৩ জানুয়ারি রাউজান আসনের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। ওইদিন বিএনপির দুইজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। সে সময় জানিয়ে দেওয়া হয়, যিনি দলের চূড়ান্ত মনোনয়নপত্র নিয়ে আসবেন, তার মনোনয়নই গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, সোমবার গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতিনিধিরা বিএনপির চূড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন, ফলে সেটিই গৃহীত হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির নেতা নুরুল চেয়ারম্যান, আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমদ, মাসুদ আলম এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলমসহ দলীয় নেতাকর্মীরা।

সূত্র জানায়, প্রথমে একই আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেওয়া হয়। এতে দুজনই মনোনয়নপত্র দাখিল করলে রাউজান আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান ঘটল।

সর্বশেষ

এই বিভাগের আরও