শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

বিদ্যার আলো ছড়াতে আজ সরস্বতী পূজা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শুক্রবার উদ্‌যাপিত হচ্ছে। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করা হয়।

- Advertisement -

পঞ্চমী তিথিতে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও ঘরে ঘরে অগণিত ভক্ত দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞান ও প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত হওয়ার কামনায় বাগদেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা।

সরস্বতী পূজা উপলক্ষে আজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হচ্ছে এবং জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে বিশেষ নিবন্ধ।

উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির, মণ্ডপ ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ করা হচ্ছে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে কেন্দ্রীয় পূজামণ্ডপসহ বিভিন্ন বিভাগ ও হলের উদ্যোগে পৃথক পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।

রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, ওয়ারীর রামসীতা মন্দিরসহ পুরান ঢাকার বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

সরস্বতী পূজা উপলক্ষে এক বাণীতে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন। এ দেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সব মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।”

সর্বশেষ

এই বিভাগের আরও