বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভরিতে বড় কাটছাঁট, সোনা নামল ২ লাখ ৭১ হাজারে

টানা পাঁচ দফা দাম বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।

- Advertisement -

এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম নেমে এসেছে প্রায় ২ লাখ ৭১ হাজার টাকায়। এর আগে গতকাল স্বর্ণের দাম বেড়ে ভরিতে ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দরপতন হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৫ হাজার ২০০ ডলারে। গতকাল এই দাম ছিল ৫ হাজার ৫৫০ ডলারের বেশি।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৭ হাজার ৭৫৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।

সর্বশেষ

এই বিভাগের আরও