চট্টগ্রামের বোয়ালখালীতে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন বোয়ালখালী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর থেকে বোয়ালখালী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গাফফার রুবেল, আসিফ মঈনুদ্দিন আসিফ ও মোহাম্মদ ফোরকান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। এ সময় বিশেষ অতিথি ও সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিপ্লব দাশ, সাধারণ সম্পাদক তারেক আলম, সহ-সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলাম আবির, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শিক্ষা, পাঠাগার ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রুনা আকতার, অর্থ সম্পাদক মেহেদী হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক জাহেদ এবং সিনিয়র সদস্য মোস্তাকিম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ২০২৪–২০২৫ কার্যকরী পরিষদের বিদায়ী সংবর্ধনা, শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান, নবীন শিক্ষার্থীদের জন্য মাসিক শিক্ষা উপকরণ বিতরণ, অভিভাবক সমাবেশ এবং এসএসসি–২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
আয়োজকরা জানান, সমাজ ও শিক্ষার উন্নয়নে সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করতেই এ আয়োজন করা হয়। তারা ভবিষ্যতেও শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

