বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তিন সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বান্দরবানে গাড়ি আটকে চাঁদাবাজি: সেনাবাহিনী- সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে সোমবার সন্ধ্যায় বিজিজির সদস্যরা তাদের আটক করে বলে নাইক্ষ্যংছড়ি থানা ওসি আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন।
তিনি বলেন, “বিজিবি সদস্যরা তাদের আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করে। আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রাও উদ্ধার করা হয়েছে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দিয়েছে।”
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি আব্দুল বাতেন মৃধা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলছেন, “সোমবার সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে শুনেছি।”
বিজিবির বরাতে তিনি বলেন, “সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোন ধরনের অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম আরো বাড়ানো হয়েছে।”
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান ইউএনও।
এ বিষয়ে জানতে কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমকে মোবাইল ফোনে কল করে সাড়া মেলেনি।

