রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শাওয়ালের চাঁদ ১৯ মার্চ জন্ম নেবে, ২০ মার্চ ঈদের সম্ভাবনা

নিউজ ডেস্ক

গত কয়েক বছরে পবিত্র রমজান মাস ২৯ দিনেই শেষ হয়েছে। তবে চলতি বছর রমজান পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

- Advertisement -

গালফভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মার্চ (বুধবার) আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে পরদিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।

স্থানীয় সংবাদমাধ্যম ইমারত আল ইয়াউম-কে তিনি বলেন, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের সূচনাসূচক চাঁদের জন্ম হবে।

ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে এ সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী চলতি বছর অধিকাংশ ইসলামি দেশ রমজান সমাপ্তি ও শাওয়াল শুরুর বিষয়ে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

তবে চূড়ান্ত ঘোষণা আসবে সরকারি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে। ধর্মীয় বিধান ও পর্যবেক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও