নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে ৯৬ রানের জয় তুলে নিয়ে ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছে তারা।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের দেওয়া ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ছয় ওভার শেষ হওয়ার আগেই তিন ব্যাটার সাজঘরে ফিরে যান।
আউট হওয়ার আগে ফিন অ্যালেন করেন ৯ রান, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫ এবং মার্ক চ্যাপম্যান ৩ রান। এরপর ড্যারেল মিচেল ১৭ রান করে আউট হন।
দলের একের পর এক উইকেট পড়লেও ওপেনার টিম সেইফার্ট লড়াই চালিয়ে যান। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ২৬ বলে ৫২ রান করেন তিনি। দুটি চার ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।
এরপর দলনেতা মিচেল স্যান্টনার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তিনি ৩৫ বলে ৪৩ রান করেন। তবে অন্য ব্যাটাররা বড় কোনো ইনিংস খেলতে পারেননি। জেমস নিশাম ৮, ম্যাট হেনরি শূন্য, লকি ফার্গুসন ২ এবং জ্যাকব ডাফি ১ রান করে আউট হন।
এর আগে টসে জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। মাত্র ছয় ওভারে বিনা উইকেটে ৯২ রান তুলে নেয় তারা।
এই সময় ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করেন অভিষেক শর্মা। তবে ২১ বলে ৫১ রান করে তিনি আউট হন।
দ্বিতীয় উইকেটে ইশান কিষাণকে নিয়ে দারুণ জুটি গড়েন সঞ্জু স্যামসন। স্যামসন ৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮৯ রান করেন। অন্যদিকে ইশান কিষাণ মাত্র ২৫ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৫৪ রান করেন।
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হন। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করেন।
শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন শিভাম দুবে। তিনি মাত্র ৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তিলক ভার্মা ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম তিনটি উইকেট নেন। এছাড়া ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।

