চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালন করেন ঔষধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক ও আবিদ আহসান।
অভিযানে পাঁচটি মামলায় পাঁচটি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়। ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ ধারা (ক ও খ) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এসব মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ, আনরেজিস্টার্ড ও নিষিদ্ধ ওষুধ মজুদ রাখা এবং ওষুধ যথাযথভাবে রেফ্রিজারেটরে সংরক্ষণ না করার মতো অনিয়ম পাওয়া গেছে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— মা ফার্মেসি (১০ হাজার টাকা), সেবা ফার্মেসি (৩০ হাজার টাকা), শ্যামা ফার্মেসি (১০ হাজার টাকা), পপুলার ফার্মেসি (১০ হাজার টাকা) এবং নিরাময় ফার্মেসি (১০ হাজার টাকা)।
এ অভিযানে কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

