বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা—ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিঁড়ে পথচারী নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিঁড়ে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

- Advertisement -

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর দক্ষিণ সোনাপাহাড় এলাকায় চারটি যানবাহনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটের কারণে ধীরগতিতে চলার সময় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। পরে ওই কাভার্ডভ্যানের পেছনে স্টিলের বান্ডেলবাহী ট্রাক ধাক্কা দেয়। এর পরপরই ট্রাকটির পেছনে আরও একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে চারটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।

এ সময় ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে একটি কাভার্ডভ্যানের ওপর পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সিটে আটকা পড়েন। একই সময়ে রাস্তা পারাপারের সময় পথচারী আশরাফ (১৮) গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় আশরাফ মারা যান। তিনি দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে।

আহতরা হলেন—সোহাগ (২০), রাসেল (৩২) ও নুরুল আমিন (২৮)।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, হাসপাতালে আনা চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পথচারীর মৃত্যু হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও